ইউরোপ • বিশ্ব

কানাডা কি ইউরোপীয় ইউনিয়ন বা সেনজেনে যোগ দিচ্ছে? যা জানা গেল

Written by admin

রোম থেকে, বাংলা ভয়েস ইতালি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরে দাবি করা হচ্ছে, কানাডা ইউরোপীয় ইউনিয়নের সদস্য বা সেনজেনভুক্ত হতে যাচ্ছে। কিন্তু সত্যতা কী?

মূল ঘটনা হলো, কানাডা এখনো ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য হয়নি এবং সেনজেন এলাকার অংশও হয়নি।

গত ১৬ সেপ্টেম্বর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন তার State of the Union ভাষণে প্রস্তাব দেন, কানাডাকে ইইউ-এর প্রথম “অ্যাসোসিয়েট মেম্বার” বা সহযোগী সদস্য করার দরজা খোলা হোক। এটি একটি ব্যতিক্রমী মর্যাদা যার এখনো কোনো আইনি ভিত্তি নেই, নতুন করে তৈরি করতে হবে।

এর দুই দিন আগে, ১৪ সেপ্টেম্বর, ইউরোপীয় পার্লামেন্টের রাজনৈতিক গ্রুপ Renew Europe ইউরোপীয় কমিশনার মারোস সেফকোভিচকে একটি চিঠি দেয়। সেখানে তারা Article 217 এর অধীনে একটি “EU-Canada Strategic Association” তৈরির আহ্বান জানায়।

এই প্রস্তাবের লক্ষ্য কী?
Renew Europe জানিয়েছে, এর লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ, ক্রিটিক্যাল মিনারেল, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, প্রতিরক্ষা এবং মোবিলিটি খাতে সহযোগিতা জোরদার করা। এমনকি ইরাসমাস+ প্রোগ্রামে কানাডাকে যুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

তাহলে সেনজেন ভিসা কি?
মনে রাখা জরুরি, “সহযোগী সদস্যপদ” আর “পূর্ণাঙ্গ সদস্যপদ” এক নয়। এই প্রস্তাবের কোনো আইনি ভিত্তি এখনো নেই এবং এটি কার্যকর হতে ২৭টি সদস্য রাষ্ট্র ও ইইউ প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে।

ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হওয়ায় কানাডার পক্ষে ইইউ বা সেনজেনের পূর্ণ সদস্য হওয়া সম্ভব নয়। সেনজেন হলো ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ পাসপোর্ট-মুক্ত চলাচলের ব্যবস্থা। এই নতুন অংশীদারিত্ব পাস হলেও এর মাধ্যমে সেনজেন ভিসায় অবাধে যাতায়াতের সুযোগ তৈরি হবে না, বরং বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে একে “অনন্য জোট” হিসেবে বর্ণনা করেছেন।

বাংলা ভয়েস ইতালি, আন্তর্জাতিক ডেস্ক।

About the author

admin

Leave a Comment