রোম, ইতালি থেকে: ইতালির রাজধানী রোমে প্রবাসী জীবনের কর্মব্যস্ততা ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে মহিলা সংস্থা ইতালির উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার আরিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নী রওশন আরার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা ও সহ-সভাপতি ফারিয়া আখি।
দিনব্যাপী এই বনভোজনে রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী নয়না আহম্মেদ, লায়লা শাহ, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী জাকারিয়া, ইসরাফিল বারী সহ স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
বনভোজনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ নানা আকর্ষণীয় খেলাধুলা এবং বড়দের জন্য র্যাফেল ড্র ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চমৎকার ব্যবস্থা রাখা হয়। আগত সকলের জন্য দেশীয় খাবারের আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদন: Bangla Voice Italy ডেস্ক

